রাজনীতি
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে বিএনপি ও জামায়াত সংঘর্ষে ১৩ জন আহত।

নিজেস্ব প্রতিবেদক:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সোমবার রাতের দিকে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে দফায় দফায় হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষ মিলিয়ে মোট ১৩ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজন আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় বিএনপি নেতা সূত্রে জানা যায়, রমজানপাড়া এলাকায় শাপলা কলির শোডাউন চলাকালীন সময়ে সড়কে টানানোর ঘটনাকে কেন্দ্র করে দ্বন্দ্ব শুরু হয়। বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের ধানের শীষ প্রতীকের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে জামায়াত কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় এবং তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। ধামোর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলামসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

অন্যদিকে ১১ দলীয় জোটের নেতা ও কর্মীরা অভিযোগ করেছেন, জনসভা শেষে শোডাউনের সময় বিএনপির নেতাকর্মীরা সড়কে বাধা তৈরি করে গাছের গুঁড়ি ফেলেন। এতে একজন নারীসহ আট জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন এবং ফেসবুকে লাইভ সম্প্রচার করেন। তিনি উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।

পঞ্চগড় আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর সার্কেল পুলিশ সুপার, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছান। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি।

মতামত দিন