সরকারে গেলে যাত্রাবাড়ীতে ইপিজেড করা হবে:তারেক রহমান।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার দাবি, শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরির বিষয়ে বিএনপির যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং সুযোগ পেলে সেটি বাস্তবে দেখানো হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-৫ আসনের নির্বাচনি প্রচারের অংশ হিসেবে যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশ পরিচালনায় বিএনপির অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, অতীতে দলটি ক্ষমতায় থাকাকালে মানুষের কল্যাণে নানা উদ্যোগ নেওয়া হয়েছিল। আবার দায়িত্ব পেলে দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নেওয়া সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিগত সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, উন্নয়নের নামে প্রায় ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। তার মতে, ওই অর্থ দেশে ফিরিয়ে আনতে পারলে তা জনগণের কল্যাণ ও জাতীয় উন্নয়নে কাজে লাগানো যাবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপির অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি একটি নিরাপদ রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেন।
কৃষকদের জন্য বিশেষ উদ্যোগের কথাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের পরিকল্পনা রয়েছে। এছাড়া বিদেশে কাজ বা ব্যবসার উদ্দেশ্যে যেতে আগ্রহীদের জন্য সহজ শর্তে ক্ষুদ্র ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে কাউকে সম্পদ বিক্রি করে বিদেশ যেতে না হয়।
সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, ধর্মীয় নেতাসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জন্য ভাতা চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। সব ধর্মের মানুষের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
পথসভায় ঢাকা-৫ আসনের দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের জীবনমান উন্নত হবে এবং বাংলাদেশকে একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরের চেষ্টা করা হবে।
মতামত দিন