এক দলের প্রার্থীকে শোকজ করলেই বদলি হচ্ছেন কর্মকর্তা: আসিফ।
জাতীয় নির্বাচনে একটি নির্দিষ্ট দলকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে— এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার দাবি, তাদের প্রার্থীদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলেই সংশ্লিষ্ট কর্মকর্তাকে দ্রুত বদলি করা হচ্ছে, যা নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি করছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। আসিফ মাহমুদ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে সরকারকে সহযোগিতা করাই তাদের প্রধান লক্ষ্য। তবে কিছু নির্দিষ্ট কর্মকর্তার বিষয়ে অভিযোগ জানাতে তারা কমিশনে গিয়েছিলেন। তার মতে, কর্মকর্তাদের অতীত ও সংশ্লিষ্টতা যাচাইয়ে নির্বাচন কমিশনের একটি সমন্বিত টাস্কফোর্স গঠন করা উচিত ছিল, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো যুক্ত থাকত। কিন্তু সে উদ্যোগ দেখা যায়নি।
তিনি আরও অভিযোগ করেন, একটি দলের দাবির ভিত্তিতে নির্বাচন কমিশনের কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর ওপর প্রভাব খাটানোর চেষ্টাও চলছে।
অন্যদিকে, রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে আসিফ মাহমুদ বলেন, একটি দল ঋণখেলাপি ও চাঁদাবাজ হিসেবে পরিচিত ব্যক্তিদের মনোনয়ন দিয়েছে। তার অভিযোগ, তারা কেন্দ্র দখলের মাধ্যমে নির্বাচনে সুবিধা নেওয়ার পরিকল্পনা করছে। তবে জনগণ ভোটাধিকার প্রয়োগে আগ্রহী এবং শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করা সবার দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।
তিনি ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ১২ তারিখ প্রস্তুত থাকার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠী কেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোর প্রতিরোধের মুখে পড়তে হবে।

মতামত দিন