আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফোয়ারার সামনে মঞ্চে জড়ো হচ্ছে আন্দোলনকারীরা।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার (৯ মে) জুম্মার পর বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে ট্রাকের ওপর তৈরি হচ্ছে মঞ্চ।
দুপুর ১টার দিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও নেতা সারজিস আলমকে মঞ্চের পাশে অবস্থান নিতে দেখা গেছে। এর আগে সকালে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে জমায়েতের ডাক দেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “ফোয়ারার সামনে আজ জুম্মার পর জনসমুদ্র হবে। তখন বোঝা যাবে কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।”
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। এনসিপির আহ্বানে এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। রাত ১টার দিকে মিছিল নিয়ে উপস্থিত হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন ও কেন্দ্রীয় নেতারা।
পরে একে একে হেফাজতে ইসলাম, এবি পার্টি, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভে যোগ দেন। শুক্রবার সকাল ৮টায় যুক্ত হন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কয়েকশ’ কর্মী।
শফিকুল ইসলাম বলেন, “যে ছাত্র-জনতা অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে, তারাই আজ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছে। আজ দুপুরের আগেই রাজনৈতিক দলগুলোকে নিয়ে এ সিদ্ধান্ত নিতে হবে।”

মতামত দিন