যমুনার সামনে আ.লীগ নিষিদ্ধের দাবিতে তৈরি হচ্ছে বিক্ষোভের মঞ্চ।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে ব্যাপক বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি শুরু করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বিক্ষোভে একাধিক রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। রাত ১টার দিকে যমুনার সামনে মিছিল নিয়ে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা। এরপর একে একে হেফাজতে ইসলাম, এবি পার্টি, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যোগ দেন।
বিক্ষোভকারীরা ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ এবং ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’ ইত্যাদি স্লোগান দেন। কখনো টানা, আবার কখনো বিরতিতে স্লোগান চলতে থাকে।
রাত ২টার দিকে সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। নয় মাস পেরিয়ে গেলেও তা না হওয়ায় আমাদের রাজপথে নামতে হয়েছে।”
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইন্টেরিমকে আর সময় দেওয়া হবে না। লাশ হয়ে ফিরব, নয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ফিরব।”
শুক্রবার সকাল ৮টার দিকে বিক্ষোভে যোগ দেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কয়েকশ’ নেতাকর্মী যমুনার সামনে এসে উপস্থিত হন।
তিনি বলেন, “যে ছাত্র-জনতা অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে, তারাই আজ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছে। আজ দুপুরের আগেই সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দিতে হবে।”
মতামত দিন