রাজনীতি
ছবি: সংগৃহীত

রাজার ছেলে রাজা হবে, তা আমরা মানি না: জামায়াত আমির।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন অবৈধ সুবিধা ও দুর্নীতির চর্চায় আক্রান্ত— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, রাজনীতি কোনো ব্যক্তি বা পরিবারের সম্পত্তি নয়; যোগ্যতার ভিত্তিতেই দেশের নেতৃত্ব নির্ধারিত হওয়া উচিত, রাজার ছেলে রাজা হবে, তা আমরা মানি না।

রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব বক্তব্য তুলে ধরেন। সেখানে তিনি উল্লেখ করেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পারিবারিক আধিপত্যের প্রবণতা রয়েছে, যা পরিবর্তন প্রয়োজন। তার ভাষায়, “দেশ কারও জমিদারি নয়— উত্তরাধিকার সূত্রে নেতৃত্ব পাওয়ার ধারণা আমরা মানি না।”

একই পোস্টে ডা. শফিকুর রহমান জানান, তাদের দলীয় এমপিরা রাষ্ট্রের কাছ থেকে প্লট বা বিলাসবহুল গাড়ির মতো বিশেষ সুবিধা নেবেন না। এমনকি সংসদ সদস্যদের পরিবারের সম্পদের হিসাবও জনগণের সামনে প্রকাশ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্বকে ভোগের সুযোগ নয়, বরং আমানত হিসেবে দেখার নীতি অনুসরণ করবে তাদের দল।

দুর্নীতি, চাঁদাবাজি কিংবা সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয়ের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান জামায়াত আমির। তার মতে, এসব অনৈতিক কর্মকাণ্ড থেকে রাজনীতিকে মুক্ত রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো সুবিধাবাদী গোষ্ঠীর জন্য নয়; বরং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার লড়াই। তিনি এমন একটি দেশের প্রত্যাশা ব্যক্ত করেন যেখানে নারীরা নিরাপদ থাকবে, তরুণদের মতপ্রকাশ বাধাগ্রস্ত হবে না এবং অর্থের বিনিময়ে বিচার পাওয়া লাগবে না। যোগ্যতা ও মেধাকে মূল্যায়ন করে আধুনিক বাংলাদেশ গড়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।


মতামত দিন