১২ ফেব্রুয়ারি বিজয় নিয়েই ঘরে ফিরবো ইনশাআল্লাহ:নাহিদ ইসলাম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১১ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, এই নির্বাচন সফল না হলে ৫ আগস্টের অর্জনও প্রশ্নের মুখে পড়বে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডায় আয়োজিত এনসিপির নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, ঢাকা-১১ এলাকায় নাগরিক সুবিধার ঘাটতি দীর্ঘদিনের। সরকারি হাসপাতাল বা উচ্চবিদ্যালয় না থাকায় শিক্ষা ও চিকিৎসা খাতে মানুষকে মূলত বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই এলাকার উল্লেখযোগ্য সড়ক পানির নিচে চলে যায়। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাব, খাল দখল ও ভরাটের কারণে জলাবদ্ধতা আরও বাড়ছে বলে তিনি দাবি করেন।
এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার পেছনে রাজনৈতিক প্রভাব ও ভূমিদস্যুতাকে দায়ী করেন তিনি। তাঁর অভিযোগ, বহু খাসজমি ও জলাশয় দখল হয়ে যাওয়ায় অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচিত হলে দখল হওয়া জমি ফিরিয়ে দেওয়া বা ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন। পাশাপাশি ভূমিদস্যু সিন্ডিকেট নির্মূলের কথাও বলেন তিনি।
দেশব্যাপী নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের জয় নিয়েও আশাবাদ ব্যক্ত করেন নাহিদ ইসলাম। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান, যার যার এলাকায় ঐক্যজোটের প্রার্থীদের সমর্থন দিয়ে বিজয়ী করতে।
বক্তব্যের শেষদিকে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় নির্বাচনকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন তারা। তরুণ সমাজকে ভোটকেন্দ্র পাহারায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি পুনরায় ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সফল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
মতামত দিন