রাজনীতি
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা জামায়াত আমিরের।

নিজেস্ব প্রতিবেদক:

হবিগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় দুর্নীতি, চাঁদাবাজি ও রাজনৈতিক সংস্কৃতি নিয়ে কড়া বক্তব্য দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, রাজনীতিকে যারা পেশা বানিয়েছে, তাদের হাত ধরেই দুর্নীতি, মামলাবাজি ও লুণ্ঠনের সংস্কৃতি বিস্তার লাভ করেছে।

জামায়াতে ইসলামী রাজনীতিকে দায়িত্ব ও কর্তব্য হিসেবে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে আয়োজিত এ জনসভায় তিনি বলেন, ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা করমুক্ত গাড়ি বা স্বল্পমূল্যের সরকারি ফ্ল্যাট গ্রহণ করবেন না। যার সামর্থ্য থাকবে তিনি নিজ অর্থেই এসব কিনবেন, প্রয়োজনে রিকশায় চলাচলের মানসিকতাও রাখবেন বলে উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান জানান, নির্বাচিত জনপ্রতিনিধি ও তাদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ নিশ্চিত করা হবে। জনগণের সম্পদের অপব্যবহার হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

দেশে দুর্নীতি ও সন্ত্রাস বিস্তারের জন্য অতীতে ক্ষমতায় থাকা দলগুলোকেই দায়ী করেন জামায়াত আমির। তার দাবি, নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ দেখা যায় না।

চাঁদাবাজি ও সামাজিক অবক্ষয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কেউ চাঁদা তুলতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নারীদের প্রতি অসৌজন্যমূলক আচরণ সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন নিয়েও কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তাদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে চা বাগানের আধুনিকায়ন ও প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে, যাতে শ্রমিক পরিবারের নতুন প্রজন্ম উন্নত জীবন পায়।

ধর্মীয় সম্প্রীতির বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশ বহু ধর্মাবলম্বীর সহাবস্থানের দেশ। ধর্মের ভিত্তিতে বিভাজন বা বাড়াবাড়ি ইসলাম সমর্থন করে না এবং কোনো ধর্মপ্রাণ মানুষ অন্য ধর্মের মানুষের ক্ষতি করতে পারে না।

মতামত দিন