বিএনপি ক্ষমতায় এলে তিস্তা প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে: তারেক রহমান।
বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারীতে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। বিএনপি সরকার গঠন করতে পারলে এটিকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে, যাতে এলাকার কৃষি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসে এবং অঞ্চলটি আরও সবুজ ও উৎপাদনমুখী হয়ে ওঠে।
নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের ভোট শুধু ভোট দেওয়ার বিষয় নয়— দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্বও এতে জড়িত। বাংলাদেশই সবার শেষ আশ্রয়স্থল উল্লেখ করে তিনি জনগণকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, নীলফামারীর ইপিজেড সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যাতে স্থানীয় কর্মসংস্থান বাড়ে। পাশাপাশি তরুণদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার কথাও বলেন তিনি।
নারীদের স্বাবলম্বী করতে পরিবারভিত্তিক সহায়তার অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। কৃষকদের সহায়তায় কৃষি কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান, যাতে তারা সহজে কৃষি উপকরণ ও সহায়তা পেতে পারেন।
ধর্মীয় প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের বিষয়ে তিনি বলেন, মসজিদ-মাদরাসার ইমাম-খতিবসহ বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের জন্য সম্মানীর ব্যবস্থা করার চিন্তা রয়েছে, কারণ অনেকেই আর্থিক কষ্টে জীবনযাপন করছেন।
এ ছাড়া নীলফামারীতে মেডিকেল কলেজ স্থাপনের দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। সৈয়দপুর-কিশোরগঞ্জ শিল্পাঞ্চলের উন্নয়ন, বিশেষ করে রেল কারখানাসহ বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠান শক্তিশালী করার কথাও উল্লেখ করেন।
জনসভায় তিনি অভিযোগ করেন, কিছু মহল ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই শীর্ষ নেতা।

মতামত দিন