সমালোচনা নয়, বাস্তব কাজেই রাজনীতি করতে চায় বিএনপি: মির্জা ফখরুল।
রাজনীতিতে কুৎসা ও ব্যক্তিগত আক্রমণের সংস্কৃতি পরিহার করে বাস্তব কাজের মধ্য দিয়েই এগোতে চায় বিএনপি—এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি কখনোই নেতিবাচক সমালোচনাকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে না।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের নারগুণ ইউনিয়নের কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে, যাদের অতীতে রাজনীতির মাঠে তেমন দেখা যায়নি। তারা একসময় একই পথে চললেও এখন আলাদা অবস্থান নিচ্ছে। এতে বিএনপির কোনো আপত্তি নেই বলে জানান তিনি। তবে রাজনীতিতে মিথ্যাচার, অপপ্রচার কিংবা গীবতের রাজনীতি না করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শেই গড়ে উঠেছেন তারেক রহমান। দেশে ফিরে তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন—তার একটি সুসংহত পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে আগামী এক বছরের মধ্যে এক কোটি তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
মির্জা ফখরুল আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। কৃষকদের জন্য থাকবে আলাদা কৃষি কার্ড এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এনজিও থেকে নেওয়া ঋণের দায়ভারও সরকার বহন করবে বলে জানান তিনি।
ঠাকুরগাঁওয়ের কৃষি উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ভুট্টা চাষের সূচনা এই জেলায় বিএনপির উদ্যোগেই হয়েছিল। কাজী ফার্মসের মাধ্যমে ভুট্টা উৎপাদন বাড়ায় কৃষকরা লাভবান হয়েছেন এবং কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সেচ ব্যবস্থার উন্নয়নও বিএনপির সরকারের সময়েই বাস্তবায়িত হয়েছে বলে দাবি করেন তিনি।
পথসভার শেষ পর্যায়ে আগামী ১২ তারিখ ভোটের দিন সকালেই কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উপস্থিত ভোটারদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।
মতামত দিন