রাজনীতি
ছবি: সংগৃহীত

চাইলে বুড়িগঙ্গার পানি পান করুন, কিন্তু মাদক নেবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী।

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচনী প্রচারণায় মাদক ও অবৈধ অর্থের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আলোচনায় এসেছেন ঢাকা-৮ আসনে এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ভোটের মাঠে মাদকনির্ভর রাজনীতি ও ভয়ভীতির সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না।

মঙ্গলবার সকালে রাজধানীর একটি ব্যস্ত মোড়ে নির্বাচনী লিফলেট বিতরণের সময় তিনি অভিযোগ করেন, এলাকায় মাদককে কেন্দ্র করে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। এ ধরনের অপশক্তি নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বলেও মন্তব্য করেন তিনি।

পাটওয়ারী বলেন, রাজনৈতিক কর্মীদের মাদক থেকে দূরে রাখা জরুরি। মাদকাসক্ত হলে কর্মীরাই একসময় সহিংসতার হাতিয়ার হয়ে ওঠে—যার দায় শেষ পর্যন্ত সমাজকেই নিতে হয়।

নির্বাচনী প্রচারে ব্যয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নিয়ম লঙ্ঘন করে বিপুলসংখ্যক বিলবোর্ড ও প্রচারসামগ্রী ব্যবহারের ঘটনা ঘটছে। এ অর্থের উৎস নিয়ে স্বচ্ছতা নেই বলেও তিনি দাবি করেন।

নারীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রসঙ্গে প্রার্থী বলেন, ভোটের আগে বা পরে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। তিনি ভোটের দিন জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র, যেখানে ভোটকেন্দ্র দখল, সন্ত্রাস বা মাদকনির্ভর রাজনীতির কোনো জায়গা থাকবে না।

মতামত দিন