রাজনীতি
ছবি: সংগৃহীত

দুই দশক পর বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

 নিজেস্ব প্রতিবেদক:

দুই দশক পর আবারও বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। চলমান নির্বাচনী সফরের অংশ হিসেবে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলস পার্ক ময়দানে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।

সফরের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উপকূলীয় অঞ্চলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় সূত্র জানায়, জনসভা ঘিরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও স্থানীয় বাহিনীর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বরিশালে বিএনপির স্থানীয় নেতারা জানিয়েছেন, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ সময় পর শীর্ষ নেতার আগমন স্থানীয় বিএনপিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। জেলা ও উপজেলা পর্যায়ে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে এবং তৃণমূল পর্যায়ে জনসভাকে সফল করতে তৎপরতা চলছে।

বরিশাল মহানগর বিএনপির সদস্য-সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, “শুধু দলের নেতা ও কর্মীরা নয়, পুরো বরিশালবাসী অধীর আগ্রহে জনসভার জন্য অপেক্ষা করছে।” বুধবার দুপুর ২টায় শুরু হবে এই সভা।

বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন মন্তব্য করেন, “নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের আগমন এই অঞ্চলের ২১টি আসনে বিএনপির বিজয় ত্বরান্বিত করবে।”

বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, “উন্নয়নমূলক ধারাবাহিকতা বজায় রেখে, তারেক রহমান উপকূলীয় বরিশাল অঞ্চলের অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন বলে আমরা আশা করি।”

এদিকে পুলিশ জানিয়েছে, সফরের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বরিশাল পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, “সভাস্থলে শুরু থেকেই স্কেলিটন ডিউটি এবং মোবাইল টহল বাড়ানো হবে। প্রয়োজনমতো ডিবি ও সিটিএসবি টিমও মোতায়েন থাকবে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই সফর বিএনপির নির্বাচনী সম্ভাবনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

মতামত দিন