খুলনা–যশোরে নির্বাচনী কর্মসূচিতে যাচ্ছেন তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী সোমবার খুলনা ও যশোরে পৃথক দুটি নির্বাচনী কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরের মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচারণা আরও জোরদার করা হবে।
দলীয় মিডিয়া সেলের একজন দায়িত্বশীল নেতা জানান, সোমবার সকালে ঢাকা ত্যাগ করে হেলিকপ্টারে খুলনায় পৌঁছাবেন তারেক রহমান। সেখানে নগরীর হাজি মহসিন কলেজ এলাকার প্রভাতি স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য দেবেন।
খুলনার কর্মসূচি শেষ করে দুপুরের দিকে তিনি যশোরের উদ্দেশে রওনা হবেন। যশোর শহরের নতুন উপশহর বিরামপুর এলাকায় আয়োজিত জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। নির্ধারিত কর্মসূচি শেষে একই দিন বিকেলে তিনি ঢাকায় ফিরে আসবেন।
দলীয় সূত্রে জানা গেছে, চলমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গত ২২ জানুয়ারি থেকে টানা মাঠে রয়েছেন তারেক রহমান। এরই মধ্যে তিনি দেশের উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চলের একাধিক জেলায় সভা-সমাবেশ করেছেন।
চট্টগ্রাম থেকে শুরু করে সিলেট, উত্তরবঙ্গ এবং মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় কয়েক দফা নির্বাচনী কর্মসূচি শেষে এবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাচ্ছেন তিনি। এই সময়ের মধ্যে প্রায় দুই ডজনের কাছাকাছি জনসভায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান।
দলীয় নেতারা মনে করছেন, এসব সমাবেশ নির্বাচনের আগে দলের সাংগঠনিক অবস্থান আরও দৃঢ় করবে।

মতামত দিন