রাজনীতি
ছবি: সংগৃহীত

নির্বাচন নিয়ে কঠোর বার্তা মির্জা আব্বাসের, ফল প্রকাশে দেরি হলে আন্দোলনের হুঁশিয়ারি।

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচনী প্রক্রিয়া ঘিরে নতুন করে উত্তাপ ছড়ানো বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের মাধ্যমে দেশ একটি শাসনব্যবস্থা থেকে মুক্ত হলেও এখন নতুন করে দায়িত্বহীন ও অপরিণত আচরণ থেকে দেশকে রক্ষা করা জরুরি হয়ে পড়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পল্টনে বায়রা ও হাব নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি হঠাৎ প্রভাবশালী হয়ে উঠেছে এবং দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তিনি কটাক্ষ করে বলেন, সকালে ঘুম থেকে উঠে স্রষ্টার নাম স্মরণ না করে তারা অন্যের নাম উচ্চারণে ব্যস্ত থাকে, যা রাজনৈতিক শালীনতার পরিপন্থী।

ঢাকা-৮ আসনের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, সেখানে এমন কিছু কর্মকাণ্ডের চেষ্টা চলছে যা সারাদেশের নির্বাচনী পরিবেশকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তবে বিএনপি এখনো ধৈর্যের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি। একই সঙ্গে বলেন, বিএনপি কোনো ধরনের অস্বচ্ছ বা প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না।

নির্বাচন প্রসঙ্গে তিনি দাবি করেন, বর্তমান ভোট আয়োজন কোনো অনুগ্রহের ফল নয়। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন, নির্যাতন ও ত্যাগের পর এই পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে। তিনি বলেন, সরকার পতনের পর রাজনৈতিক বাস্তবতায় বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশিত স্বস্তি এখনো আসেনি। ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ক্ষমতার পালাবদল হলেও ব্যক্তিগত লাভের কোনো সুযোগ তিনি পাননি।

সভায় তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল বিপুল সংখ্যক বোরকা অর্ডার করেছে, যার পেছনে সৎ উদ্দেশ্য নেই বলে তার সন্দেহ। বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং এর রাজনৈতিক তাৎপর্য খতিয়ে দেখার আহ্বান জানান।

নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়েও কড়া বার্তা দেন মির্জা আব্বাস। তিনি বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পর ১২ ঘণ্টার বেশি সময় ধরে ফল প্রকাশে দেরি হলে তা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে ভোটের আগেই আন্দোলন গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি নির্দেশনা দেন, কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো পোলিং এজেন্ট যেন কেন্দ্র ত্যাগ না করে।

মতামত দিন