জামায়াত ও আওয়ামী লীগকে একই রাজনৈতিক মুদ্রার এপিঠ-ওপিঠ:মাহফুজ আলম।
বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের সম্পর্ককে একই কাঠামোর অংশ হিসেবে বর্ণনা করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহফুজ আলম। তার ভাষায়, একটি দল টিকে থাকলে অন্যটিও থাকবে—এই দুই শক্তি একে অপরের রাজনৈতিক ‘অল্টার ইগো’।
ভারতীয় সাপ্তাহিক সাময়িকী দ্য উইক-কে দেওয়া সাড়ে ১৪ মিনিটের এক সাক্ষাৎকারে তিনি বলেন, জামায়াতের কাছে বাংলাদেশকে নিয়ে কোনো স্পষ্ট ভবিষ্যৎ রূপরেখা নেই। একই সঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগ ও জামায়াত পরস্পরের অস্তিত্বকে টিকিয়ে রাখার মধ্য দিয়েই দেশের রাজনীতিতে নিজেদের অবস্থান বজায় রাখছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রচারিত ওই সাক্ষাৎকারে মাহফুজ আলম দেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ, সংস্কার প্রক্রিয়ার বাস্তব চিত্র, পুরনো ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের সংঘাত এবং গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থার মতো একাধিক বিষয় নিয়ে কথা বলেন।
আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, রাজনীতিতে তার সক্রিয় না থাকার পেছনে এই পুরনো শক্তিগুলোর পারস্পরিক সমীকরণই বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
মাহফুজ আলম জানান, জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা তরুণদের একত্র করে তিনি বিএনপি ও জামায়াতের বাইরে একটি শক্তিশালী ‘তৃতীয় বিকল্প’ গড়ে তুলতে চেয়েছিলেন। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যখন পুরনো রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে জামায়াতের সঙ্গে জোটে যায়, তখন সেই উদ্যোগ কার্যত ভেঙে পড়ে।
তার মতে, এ ধরনের জোট রাজনীতিতে নতুন কোনো সম্ভাবনা তৈরি করে না; বরং পুরনো শক্তির আধিপত্যকেই আরও পাকাপোক্ত করে।

মতামত দিন