আমির হামজার মাকে লাঞ্ছনার অভিযোগ,যা বললেন জামায়াত প্রার্থী।
কুষ্টিয়া সদর উপজেলায় নির্বাচনী প্রচারণা চলাকালে নারীদের সঙ্গে অসদাচরণ ও জামায়াত প্রার্থীর মাকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে। কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা নিজেই এই অভিযোগ তুলেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, সকাল আনুমানিক ১১টার দিকে আইলচারা ইউনিয়নের বাক্স ব্রিজ এলাকায় নারী কর্মীরা ভোট চাইতে গেলে বাধার মুখে পড়েন। অভিযোগ অনুযায়ী, যুবদল নেতা নাসিরের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি নারী কর্মীদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ও লিফলেট কেড়ে নেয়।
আমির হামজা বলেন, ওই সময় নারী কর্মীদের সঙ্গে তার মা উপস্থিত ছিলেন। সেখানেই তাকে অপমানজনক আচরণের শিকার হতে হয়, যা তিনি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, নারীদের প্রতি এমন আচরণ শুধু রাজনৈতিক শিষ্টাচার নয়, মানবিক মূল্যবোধেরও লঙ্ঘন। ভোট চাওয়া নাগরিকের সাংবিধানিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, এই অধিকার দমনে যে কোনো চেষ্টা জনগণ মেনে নেবে না।
ঘটনার বিচার দাবি করে জামায়াত প্রার্থী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ভয়ভীতি ও নারীদের হেনস্তার মাধ্যমে রাজনীতি দীর্ঘস্থায়ী হতে পারে না। জনগণ শেষ পর্যন্ত ন্যায় ও মর্যাদার পক্ষেই অবস্থান নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতামত দিন