ভোটের লোভ দেখিয়ে মামলা বাণিজ্য,জনগণের সঙ্গে প্রতারণা চলছে:নাহিদ ইসলাম।
ভোটের রাজনীতিকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল সারাদেশে মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদ পেতে জনগণের সঙ্গে প্রতারণা করছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে মামলা বাণিজ্যের মাধ্যমে রাজনীতি করা হয়েছে। এখন সেই মামলাই ভোটের বিনিময়ে তুলে নেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে, যা রাজনৈতিক নৈতিকতার চরম অবক্ষয়।
তিনি বলেন, ৫ আগস্টের আগের দুঃশাসনের সময় মানুষ কীভাবে নিপীড়নের শিকার হয়েছে, তা দেশবাসী ভুলে যায়নি। সেই বাস্তবতা থেকে বেরিয়ে এসে জনগণ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়।
সব রাজনৈতিক মত ও পথের মানুষকে ‘শাপলা কলি’ প্রতীকের অধীনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, এই প্রতীক ইনসাফ, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার বহন করে।
নির্বাচনের পাশাপাশি গণভোটের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে আর যেন স্বৈরতন্ত্র কিংবা ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে—সে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এবার জনগণের হাতে। সে জন্য গণভোটে সচেতনভাবে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে বক্তব্য দেন দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক, ব্যারিস্টার নরুল হক এবং মৌলভীবাজার–৪ আসনের প্রার্থী প্রীতম দাশ।
মতামত দিন