বেপর্দা নারীদের পাশে বসে সেলফি তোলেন জামায়াতে আমির: রেজাউল করিম।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। তার অভিযোগ, বেপর্দা নারীদের পাশে বসে সেলফি তোলার মতো আচরণ ইসলামী রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সংসদ নির্বাচন সামনে রেখে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন কখনোই নারীদের পাশে বসিয়ে ছবি তোলার রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি বলেন, আমরা কাউকে সরিয়ে দিয়ে কাউকে সামনে আনার রাজনীতি করি না। বেপর্দা নারীদের সঙ্গে বসে সেলফি তোলা—এটা আমাদের আদর্শের সঙ্গে যায় না।
নিজেদের সাংগঠনিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে যখন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তখন ইসলামী আন্দোলন সংখ্যালঘুদের জান, মাল ও সম্মান রক্ষায় মাঠে ছিল। পাহারাদারের দায়িত্ব পালন করেছে আমাদের কর্মীরা।
এছাড়া করোনা মহামারির সময় ঝুঁকি উপেক্ষা করে মৃত্যুবরণকারী ব্যক্তিদের জানাজা ও দাফনের ব্যবস্থা করার কথাও স্মরণ করিয়ে দেন তিনি। বলেন, সংকটের সময় ইসলামী আন্দোলন সবসময় মানুষের পাশে থেকেছে, খাদেমের ভূমিকায়।

মতামত দিন