রাজনীতি
ছবি: সংগৃহীত

রাজশাহীতে বিএনপির জনসমাবেশে অংশ নিয়েছেন তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত বিএনপির জনসমাবেশে অংশ নিয়েছেন দলটির শীর্ষ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরের পরপরই তিনি সমাবেশস্থলে পৌঁছান।

দুপুর ২টার কিছু আগে লাল রঙের বুলেটপ্রুফ গাড়িতে করে মাদ্রাসা ময়দানে প্রবেশ করেন তারেক রহমান। মঞ্চে ওঠার পর হাত নেড়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানান। পরে তিনি প্রধান অতিথির আসনে বসেন।

এর আগে দুপুর ১২টা ১৮ মিনিটে ঢাকার একটি বিশেষ ফ্লাইটে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সরাসরি জনসমাবেশে যোগ দেন।

এই সমাবেশে রাজশাহী মহানগর ও জেলার পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। একই সঙ্গে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের মোট ১৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা মঞ্চে বক্তব্য দিচ্ছেন।

দলীয় কর্মসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিএম মাঠে আরেকটি নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে জয়পুরহাট জেলার নেতাকর্মীরাও যোগ দেবেন। এরপর সড়কপথে বগুড়ায় গিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় আলফাতুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। রাতে বগুড়ায় অবস্থান করবেন।

এর আগে সকালে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাদ্রাসা ময়দানে জনসভা শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন উপজেলা, থানা ও আশপাশের জেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

জনসমাগমের কারণে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। অনেককে গাছ ও উঁচু স্থাপনার ওপর উঠে সমাবেশ দেখতেও দেখা যায়। সব বয়সী মানুষের উপস্থিতিতে ময়দান রূপ নেয় বিশাল জনসমুদ্রে।

সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। মাঠ ও আশপাশের এলাকায় পুলিশ, র‍্যাব ও বিজিবি মোতায়েন করা হয়। প্রবেশপথে ডগ স্কোয়াডের তল্লাশি এবং আকাশে ড্রোন নজরদারিও ছিল।

মতামত দিন