২০ বছর পর নওগাঁতে যাচ্ছেন তারেক রহমান।
দীর্ঘ ২০ বছর পর নওগাঁ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় শহরের এটিম মাঠে তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন এবং উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য দেবেন।
মাঠ এলাকা ঘুরে দেখা যায়, মঞ্চ নির্মাণ ও সাউন্ড সিস্টেম স্থাপনের কাজ তদারকিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর আবহ বিরাজ করছে, তারা নেতাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন।
নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন জানান, দীর্ঘ সময় পরে চেয়ারম্যানের আগমন নওগাঁবাসীর জন্য আনন্দের বিষয়। তিনি বলেন, তারেক রহমান নওগাঁর উন্নয়ন, সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। নেতাকর্মীরা শতভাগ প্রস্তুতি নিয়েছেন জনসভা সফল করার জন্য।
নিরাপত্তার বিষয়েও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। প্রতীক্ষিত জনসমাগমের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা বিএনপির আশা, দুই লাখের বেশি মানুষ সমাবেশে অংশ নেবে।
তারেক রহমান সকালেই ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন। রাজশাহী সফরের পর তিনি নওগাঁর জনসভায় উপস্থিত হবেন এবং সভা শেষে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন।
মতামত দিন