আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান প্রসঙ্গে অবস্থান জানালেন রিজভী।
জুলাই মাসের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। হত্যা মামলার আসামি হয়ে অনেকেই পলাতক রয়েছেন, শেখ হাসিনাসহ অনেক শীর্ষ নেতা দেশ ছেড়েছেন বলেও খবর রয়েছে।
তবে এতদিন বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো অবস্থান না জানালেও এবার বিষয়টি স্পষ্ট করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “কেউ যদি দীর্ঘদিন রাজনীতি না করে থাকে, অথবা অতীতে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকলেও শেখ হাসিনার দুঃশাসন, লুটপাট, দমন-পীড়ন এবং টাকা পাচারকে ঘৃণা করে—তাহলে তিনি যদি সত্যিকারের জাতীয়তাবাদী চিন্তাধারায় বিশ্বাস করেন, তবে বিএনপিতে যোগ দিতে পারবেন।”
তিনি আরও বলেন, “আমরা এমন লোক খুঁজছি যারা সমাজের ‘ফ্রেশ’ মানুষ। তারা হতে পারেন শিক্ষক, ব্যাংকার, সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী, কৃষক বা শ্রমিক। তবে বিএনপির সদস্য হতে হলে তাকে আমাদের আদর্শে বিশ্বাস করতে হবে।”
রিজভী জানান, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত এক মাসব্যাপী বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান চলবে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য এক কোটির বেশি প্রাথমিক সদস্য সংগ্রহ করা। ইনশাআল্লাহ, আমরা পারব।”
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, “শেখ হাসিনার ভয়ঙ্কর দুঃশাসন এখন আর নেই। তাই যারা জাতীয়তাবাদী চিন্তা-চেতনায় বিশ্বাস করেন এবং বিএনপির প্রতি সহানুভূতিশীল, তারা এখন আরও উৎসাহ নিয়ে এগিয়ে আসবেন বলে আমরা আশা করি।”

মতামত দিন