রাজনীতি
ছবি: সংগৃহীত

১৫ মে থেকে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান, লক্ষ্য এক কোটি নতুন সদস্য।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত প্রাথমিক সদস্য সংগ্রহ ও  নবায়ন কর্মসূচি পরিচালনা করবে। দলটির লক্ষ্য এবার এক কোটিরও বেশি নতুন সদস্য অন্তর্ভুক্ত করা।

বৃহস্পতিবার (৮মে) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “দলীয় আদর্শে বিশ্বাসী এবং দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে যাঁরা সোচ্চার ছিলেন, এমন ব্যক্তিরা—পূর্বে আওয়ামী লীগ করলেও—বিএনপির সদস্য হতে পারবেন।”

একই দিন জাতীয় প্রেসক্লাবে ‘ষড়যন্ত্রের রাজনীতি ও আগামী নির্বাচন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির নেতারা সরকারের সমালোচনার পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, “এখনও ভোটের জন্য মানুষকে রাস্তায় নামতে হচ্ছে,এর চেয়ে লজ্জাজনক কিছু হতে পারে না। যারা অতীতে কখনও আন্দোলনে ছিল না, তারাই এখন সরকার চালাচ্ছে। আমি তাদের ছোট করছি না, কিন্তু তাদের নামে কখনও কোনো মামলা হয়নি। তাই ইতিহাসে নিজেদের অবস্থান নিশ্চিত করতে হলে সুষ্ঠু পথে হেঁটে যান।”

তিনি আরও বলেন,“বিএনপিকে ক্ষমতায় আনতেই যে নির্বাচন চাইছি, তা নয়।তবে বিএনপি ছাড়া বাংলাদেশ পরিচালনার মতো আর কোনো রাজনৈতিক শক্তি নেই, কারণ গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি ত্যাগ করেছে এই দলটিই।”

দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, “জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে, শেখ হাসিনার মতো যারাই ক্ষমতার লোভে পড়বে, তাদেরও একই পরিণতি হবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না।”

একই দিনে প্রেসক্লাবে আরেকটি অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত না করে সংস্কারের আহ্বান জানান। তিনি বলেন, “১৭ বছর ধরে বিএনপি নির্বাচন ও গণতন্ত্রের দাবিতে রাজপথে রয়েছে। এখন সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্য কোনো পথ নেই।”

মতামত দিন