তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনসিপির আসিফ মাহমুদের।
নির্বাচনী প্রচারে শব্দযন্ত্র ব্যবহারের নির্ধারিত সময়সীমা অমান্য করার অভিযোগ তুলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, রাত ৮টার পর মাইক ব্যবহার নিষিদ্ধ থাকলেও মধ্যরাত পর্যন্ত প্রচারণা চালানো হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনী পরিচালনা কমিটির বৈঠক শেষে রাজধানীর এনসিপির প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ তুলে ধরেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
তিনি বলেন, বিএনপি শুধু নিজেরাই আচরণবিধি লঙ্ঘন করছে না, বরং অন্যদেরও নিয়ম ভাঙতে উৎসাহিত করছে। পোস্টার নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিভিন্ন এলাকায় প্রকাশ্যে পোস্টার ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আসিফ মাহমুদ আরও বলেন, এবারের নির্বাচনেও আগের মতো সেনাবাহিনীকে কেন্দ্রের বাইরে রাখার সিদ্ধান্ত উদ্বেগজনক। সুষ্ঠু ভোট নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান তিনি।
তার অভিযোগ, প্রশাসন ও নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দিচ্ছে। এ ধরনের পক্ষপাতমূলক আচরণ চলতে থাকলে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে গণমাধ্যমের নিরপেক্ষতা নিয়েও শঙ্কা প্রকাশ করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এদিকে এনসিপি জানিয়েছে, বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী থিম সং উদ্বোধন করা হবে।
মতামত দিন