ঢাকা-১৭ এ বিএনপির জনসভার সময় পরিবর্তন করে সন্ধ্যায় শুরু হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত গণভোটকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা-১৭ আসনে বিএনপির নির্ধারিত জনসভার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বঘোষিত দুপুরের পরিবর্তে জনসভাটি আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় শুরু হবে।
দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে আয়োজিত এই জনসভা অনুষ্ঠিত হবে ভাসানটেকের বিআরবি মাঠে। আয়োজকদের মতে, সময় পরিবর্তনের ফলে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়বে এবং জনসভা সফলভাবে সম্পন্ন হবে।
এর আগে নির্বাচনী প্রচারের প্রথম দিনে সিলেট থেকে ধারাবাহিক সমাবেশ শুরু করেন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম সমাবেশে বক্তব্য দেওয়ার মাধ্যমে তার নির্বাচনী কর্মসূচির সূচনা হয়। এরপর তিনি পর্যায়ক্রমে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব এবং নরসিংদীতে একাধিক পথসভা ও সমাবেশে বক্তব্য দেন।
দীর্ঘ কর্মসূচি শেষে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়া এলাকায় সর্বশেষ সমাবেশে বক্তব্য দিয়ে রাতের শেষ ভাগে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
এদিকে বৃহস্পতিবার থেকেই বিএনপির মনোনীত প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। বাড়ি বাড়ি গিয়ে তারা দলীয় প্রতীক ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি বিভিন্ন নির্বাচনী অঙ্গীকার তুলে ধরছেন।
দলীয় সূত্র আরও জানায়, একাধিক জেলায় সমাবেশ শেষ করে শুক্রবার ভোরে রাজধানীতে ফেরেন ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমান। এরপরই ঢাকা-১৭ আসনের জনসভা ঘিরে প্রস্তুতি জোরদার করা হয়।
মতামত দিন