আনুষ্ঠানিকভাবে নির্বাচনি মাঠে নামলো এনসিপি।
ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ঐতিহাসিক স্থাপনাগুলোকে ঘিরে কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনি মাঠে নামলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তিন নেতার মাজারে শ্রদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমানের কবর জিয়ারত শেষে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়।
এ সময় নাহিদ ইসলাম বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক ২০২৪ সালের গণআন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের জন্ম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেই। সেই ঐতিহাসিক ধারার প্রতি সম্মান জানিয়ে এখান থেকেই নির্বাচনি অভিযাত্রা শুরু করা হয়েছে বলে জানান তিনি। নাহিদের ভাষায়, এবারের নির্বাচন মূলত ক্ষমতার আধিপত্য ও নতুন গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধের লড়াই। দশ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, নির্বাচন কমিশন দায়িত্ব পালনে নিরপেক্ষ অবস্থানে নেই। সরকারের প্রভাবের কারণে কমিশন একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিচ্ছে—এমন অভিযোগ এনসিপি আগেও একাধিকবার তুলেছে বলে জানান তিনি।
অন্যদিকে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আসন্ন নির্বাচনে বিচার প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। ২০২৪ সালের আন্দোলনে আহতদের ন্যায়বিচার, নিহতদের জন্য দায়ীদের জবাবদিহি এবং শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করাই তাদের প্রধান রাজনৈতিক অঙ্গীকার।

মতামত দিন