রাজনীতি
ছবি: সংগৃহীত

নির্বাচনীর মাঠে সিলেটে শুরু বিএনপির প্রথম আনুষ্ঠানিক যাত্রা।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করল বিএনপি। বৃহস্পতিবার সকালে নগরীর জনসভাস্থলে দলটির প্রথম নির্বাচনী সমাবেশ শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে।

সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।

ভোর থেকেই সিলেটের বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে জড়ো হন। অনেকেই আগের রাত থেকেই সামিয়ানা টানিয়ে অবস্থান নেন। জনসভাস্থল ও আশপাশের এলাকায় সকাল থেকেই স্লোগান ও মিছিলে মুখর হয়ে ওঠে পরিবেশ।

সকাল সাড়ে ৮টার দিকে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুক মিছিল নিয়ে জনসভায় যোগ দেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন দাবিদাওয়া ও নির্বাচনী স্লোগান দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির যৌথ উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়েছে। দলীয় নেতাদের মতে, এই সমাবেশের মাধ্যমেই বিএনপির নির্বাচনী প্রচারণার মাঠপর্যায়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

মতামত দিন