নির্বাচনী মাঠে জামায়াত, টানা কর্মসূচিতে নামছেন ডা. শফিকুর রহমান।
নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয় হচ্ছে জামায়াতে ইসলামী। কেন্দ্র থেকে জেলা—একটানা কর্মসূচির মাধ্যমে দলটির শীর্ষ নেতৃত্ব সরাসরি ভোটারদের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা নিয়েছে।
এই কর্মসূচির সূচনা হিসেবে ঢাকায় জনসভা ও গণসংযোগে অংশ নেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম।
দলীয় সূত্রে জানা গেছে, প্রথম দিন ঢাকা মহানগরের একাধিক আসনে গণসংযোগে অংশ নেবেন তিনি। এর মধ্যে রয়েছে মহানগরের ১২, ১৪ ও ১৫ নম্বর সংসদীয় এলাকা।
এরপর উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ধারাবাহিক জনসভা করবেন জামায়াতের আমির। ২৩ জানুয়ারি সকালে পঞ্চগড়ে সমাবেশের মধ্য দিয়ে জেলা পর্যায়ের কর্মসূচি শুরু হবে। একই দিন পর্যায়ক্রমে দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে জনসভায় বক্তব্য দেবেন তিনি। রাত কাটাবেন রংপুরেই।
পরদিন ভোরে শহীদ আবু সাঈদের কবরস্থান জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন ডা. শফিকুর রহমান। এরপর গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় পৃথক জনসভায় অংশ নিয়ে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
২৫ জানুয়ারি কূটনৈতিক পর্যায়েও ব্যস্ত থাকবেন জামায়াতের আমির। ওইদিন তিনটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণের ৫, ৬ ও ৭ নম্বর আসনে জনসভায় অংশ নেবেন।
পরবর্তী দিনগুলোতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচার চালাবেন তিনি। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে জনসভা শেষে ২৭ জানুয়ারি যশোর থেকে দিনের কার্যক্রম শুরু করবেন। একই দিনে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে সমাবেশে অংশ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

মতামত দিন