দুই দশক পর সিলেটে বিএনপি চেয়ারম্যান, এখান থেকেই শুরু হবে নির্বাচনী প্রচার।
দীর্ঘ প্রায় বিশ বছর পর সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষ নেতার এই সফরকে ঘিরে সিলেট জেলা ও মহানগর বিএনপিতে ব্যাপক প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা শেষ পর্যায়ে।
দলীয় সূত্রে জানা গেছে, বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় আকাশপথে তিনি সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তার সঙ্গে থাকবেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে নিজেই সিলেট সফরের ঘোষণা দেন তারেক রহমান।
ওই অনুষ্ঠানে তিনি বলেন, সিলেট থেকেই বিএনপির নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সফরের অংশ হিসেবে প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করবেন তিনি। দলীয়ভাবে এটিকে নির্বাচনী কার্যক্রম শুরুর প্রতীকী সূচনা হিসেবে দেখছে বিএনপি।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মাজার জিয়ারতের পর সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ১১টি সংসদীয় আসনের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান। অতীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও সিলেট থেকেই নির্বাচনী প্রচার শুরু করেছিলেন। সেই রাজনৈতিক ধারাবাহিকতা বজায় রেখেই এবারের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।
তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেট নগরীজুড়ে পোস্টার, ব্যানার, ফেস্টুন ও মাইকিং চলছে। আলিয়া মাদ্রাসা মাঠে বৃহস্পতিবারের জনসভাকে ঘিরে বিশাল মঞ্চ নির্মাণসহ নিরাপত্তা ও জনসমাগম ব্যবস্থাপনায় ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। দলটির লক্ষ্য, এই জনসভাকে বৃহৎ শক্তি প্রদর্শনের মঞ্চে রূপ দেওয়া।
বিএনপি নেতাদের ভাষ্য, প্রথম নির্বাচনী জনসভায় সাত থেকে আট লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ওয়ার্ড ও থানা পর্যায়ে একাধিক সভা, সমন্বয় বৈঠক ও প্রচার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
দলীয় কর্মসূচি অনুযায়ী, বুধবার সন্ধ্যায় সিলেটে পৌঁছে প্রথমে একটি পাঁচতারকা হোটেলে অবস্থান করবেন তারেক রহমান। রাতে মাজার জিয়ারত শেষে তিনি পারিবারিক সূত্রে শ্বশুরবাড়ি পরিদর্শনে যাবেন। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টায় আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব থাকা অবস্থায় সিলেট সফর করেছিলেন তারেক রহমান। প্রায় দুই দশক পর এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে একই শহরে যাচ্ছেন, যা বিএনপির রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
মতামত দিন