রাজনীতি
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান।

সরকারি চাকরি ফিরে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। শিগগিরই এ বিষয়ে আদেশ জারি করা হবে।

বুধবার (৫ মে) স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডা. জোবাইদা রহমান ঢাকা মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় স্নাতক (এমবিবিএস) সম্পন্ন করে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি নেন।

চিকিৎসকদের সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ১৯৯৫ সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন তিনি। তবে ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে চলে যান।

এরপর ছুটি বিধিমালা অনুযায়ী দেশে ফেরত না আসায় স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে বরখাস্ত করে। পরে ২০১৩ সালে কর্মস্থলে যোগ না দেওয়ায় বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী তার চাকরির অবসান হয়। দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থান শেষে মঙ্গলবার সকালে তিনি দেশে ফিরেছেন। বর্তমানে তিনি তার বাবার ধানমন্ডির বাসায় অবস্থান করছেন।

২০০৮ সালের ৯ এপ্রিল শিক্ষা ছুটির আবেদন করলে তাকে ২০১০ সালের ১০ অক্টোবর পর্যন্ত ছুটি মঞ্জুর করা হয়। এরপর আরও দুই দফায় ছুটি বাড়ানোর আবেদন করা হলেও তা অনুমোদন দেয়নি সরকার। ফলে অনুমোদন ছাড়া একটানা ৫ বছর কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে চাকরি শেষ হয়ে যায়।

তৎকালীন স্বাস্থ্য সচিব মো. হুমায়ুন কবীর দুই দফায় তার ছুটির আবেদন নাকচ করেন। প্রথমবার ২০১১ সালের ৭ ফেব্রুয়ারি আবেদন নাকচ করা হলেও অফিস আদেশ জারি হয় এক মাস পর ৯ মার্চ। দ্বিতীয়বার আবেদন নাকচ হয় ১২ জুলাই, অথচ অফিস আদেশ জারি হয় ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি। এসব অফিস আদেশ কখনোই যুক্তরাজ্যে তার ঠিকানায় পাঠানো হয়েছে—এমন কোনো রেকর্ড পাওয়া যায়নি।

ছুটি বিধিমালা অনুযায়ী অসাধারণ ছুটির সর্বোচ্চ মেয়াদ ৫ বছর। তবে বিশেষ পরিস্থিতিতে সরকার চাইলে ছাড় দিতে পারে। অধ্যয়ন ছুটি সম্পর্কিত বিধানেও বলা আছে, ৫ বছরের বেশি ছুটি অতিরিক্ত অনুপস্থিতি হিসেবে গণ্য হবে এবং তখন বিএসআর অনুযায়ী চাকরির অবসান হবে।

স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব এ কে এম ফজলুল হক বলেন, “ডা. জোবাইদা রহমান দেশে ফিরেছেন। তিনি সরকারি চাকরি ফিরে পাচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রস্তাব প্রক্রিয়াধীন। এখন সব প্রক্রিয়া শেষে শিগগিরই আদেশ জারি করা হবে।”

মতামত দিন