রাজনীতি
ছবি: সংগৃহীত

ইসি জামায়াত-এনসিপিসহ ৪ রাজনৈতিক দলকে আগাম প্রচারণা না করার নির্দেশ দিয়েছে।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী আচরণ বিধি অমান্যের আশঙ্কায় নির্বাচন কমিশন (ইসি) চারটি রাজনৈতিক দলকে সতর্ক করেছে। কমিশনের নির্দেশে ২১ জানুয়ারির আগে কোনো নির্বাচনী প্রচারণা বন্ধ রাখতে বলা হয়েছে।

এদের মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস।

কমিশন মঙ্গলবার প্রতিটি দলের প্রধানকে লিখিতভাবে এই নির্দেশনা পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী প্রচারণা আগেভাগে চালানো আইনবিরোধী এবং যদি এ ধরনের কর্মকাণ্ড পুনরায় দেখা যায়, তবে কমিশন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।

সূত্র জানায়, বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল যে, চারটি দল ২১ জানুয়ারির আগে পোস্টার, সভা ও গণসংযোগের মাধ্যমে ভোট প্রভাবিত করার চেষ্টা করছে। কমিশন এই অভিযোগের প্রেক্ষিতে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি ১৮ অনুযায়ী সতর্কবার্তা জারি করেছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী নির্বাচনকে স্বচ্ছ ও ন্যায্য করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো দল যদি বার্তা অমান্য করে, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন