রাজনীতি
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি নেতা আসিফ-নাহিদ ইসলামের বৈঠক।

নিজেস্ব প্রতিবেদক:

বর্তমান নির্বাচন পরিস্থিতি ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।


দলীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার কিছু পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করে। এরপরই আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়।

প্রতিনিধিদলে নাহিদ ইসলামের পাশাপাশি রয়েছেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, দলের সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তা উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা।

এর আগে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল, এই সাক্ষাতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে দলটির আপত্তি, কথিত পক্ষপাতের অভিযোগ এবং সার্বিক নির্বাচনী পরিবেশ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করা হবে। বৈঠক শেষে প্রতিনিধিদল গণমাধ্যমের মুখোমুখি হবে বলেও জানিয়েছে দলটি।

উল্লেখ্য, এর একদিন আগে রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদা বৈঠক করেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। ওই বৈঠকে তারা বিভিন্ন জেলায় প্রশাসনের আচরণ নিয়ে পক্ষপাতের অভিযোগ তুলে ধরেন।

মতামত দিন