রাজনীতি
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জামায়াত আমিরের মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম আর নেই। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে একটি রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, কুষ্টিয়া সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভার বিজয় উল্লাহ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সদর উপজেলা জামায়াত। মিছিলটি শহরের এনএস রোড ঘুরে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব ও বক্তব্য দিচ্ছিলেন জেলা জামায়াত আমির অধ্যাপক আবুল হাশেম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যের একপর্যায়ে তিনি দুর্বল বোধ করে মঞ্চেই বসে পড়েন। দ্রুত তাকে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল মোমেন বলেন, “রোগী হাসপাতালে আনার আগেই মারা গেছেন। তাৎক্ষণিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা যাচ্ছে না।”

কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এর প্রতিবাদেই জেলা জামায়াত সোমবার এই কর্মসূচির আয়োজন করে।

অধ্যাপক আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও শিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে কুষ্টিয়ার রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন