রাজনীতি
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ-৪ আসনে আচরণবিধি ভাঙার অভিযোগে বিএনপির প্রার্থী ও তাহেরিকে শোকজ।

নিজেস্ব প্রতিবেদক:

নির্ধারিত সময়ের আগে নির্বাচনী তৎপরতায় জড়ানোর অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের দুই প্রার্থীকে জবাব দিতে বলেছে নির্বাচন সংশ্লিষ্ট অনুসন্ধান কমিটি। আগামী ২০ জানুয়ারির মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের।

নোটিশ পাওয়া প্রার্থীরা হলেন— ইসলামী ফ্রন্ট মনোনীত মো. গিয়াস উদ্দিন এবং বিএনপির প্রার্থী এস এম ফয়সল। বৃহস্পতিবার সিলেট সিভিল জজ আদালতের বিচারক ও নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য মো. রবিউল হাসান এ সংক্রান্ত আদেশ দেন।

কমিটির পর্যবেক্ষণে বলা হয়েছে, ইসলামী ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে মোমবাতি প্রতীকের প্রার্থী হিসেবে উপস্থাপন করে প্রচারণামূলক কার্যক্রম চালিয়েছেন। অথচ নির্বাচনী বিধি অনুযায়ী ভোটের নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগে এ ধরনের প্রচার নিষিদ্ধ।

অন্যদিকে বিএনপির প্রার্থী এস এম ফয়সলের ক্ষেত্রে অভিযোগ ওঠে, গত ৬ জানুয়ারি মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকায় আয়োজিত একটি সমাবেশে তিনি উপস্থিত ছিলেন। সেখানে তার ছেলে সৈয়দ ইশতিয়াক আহমেদ প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন। ওই ঘটনার ভিডিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

নির্বাচনী বিধিমালার আলোকে উভয় ঘটনাকেই প্রাথমিকভাবে আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না মিললে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছে অনুসন্ধান কমিটি।

মতামত দিন