রাজনীতি
ছবি: সংগৃহীত

নির্বাচন ইস্যুতে আজ সন্ধ্যায় আবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি।

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচনকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক ও কমিশনের ভূমিকা নিয়ে ফের সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দলের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হচ্ছে।

দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া এই সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত থাকবেন।

এর আগের দিন শনিবারও একই ইস্যুতে সংবাদ সম্মেলন করে দলটি। সেখানে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে এনসিপি। পাশাপাশি অভিযোগ করা হয়, কিছু প্রার্থীকে ঘিরে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়গুলো উপেক্ষা করা হচ্ছে।

ওই বক্তব্যে দলটির শীর্ষ নেতারা জানান, যাদের নাগরিকত্ব নিয়ে বিতর্ক রয়েছে কিংবা যারা আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত, তাদের নির্বাচনী প্রতিযোগিতায় রাখার চেষ্টা হলে এনসিপি তা মেনে নেবে না। এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পথের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিও গ্রহণ করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়।

এনসিপির ভাষ্য অনুযায়ী, বিতর্কিত প্রার্থীদের নির্বাচনে টিকিয়ে রাখার চেষ্টা হলে সংশ্লিষ্ট আসনগুলোতে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলা হবে। পরিস্থিতি বিবেচনায় আন্দোলন আরও বিস্তৃত করার কথাও ভাবা হচ্ছে।

রাজনৈতিক মহলের ধারণা, আজকের সংবাদ সম্মেলনে এনসিপি তাদের পরবর্তী অবস্থান, সম্ভাব্য কর্মসূচি এবং নির্বাচন কমিশনকে ঘিরে দলটির করণীয় নিয়ে আরও স্পষ্ট বার্তা দেবে।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনি ঐক্য জোটের অংশ হিসেবে মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি। গত ১৫ জানুয়ারি জোটের এক ঘোষণায় জানানো হয়, ১০ দলীয় এই জোটে সমঝোতার ভিত্তিতে এনসিপিকে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হয়েছে।


মতামত দিন