হাতপাখা না থাকলে ফ্যাসিবাদবিরোধী যোগ্য প্রার্থীর পক্ষে থাকবে ইসলামী আন্দোলন।
হাতপাখা প্রতীকবিহীন আসনগুলোতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির মধ্যে যিনি সৎ, দক্ষ ও জনদায়বদ্ধ হিসেবে বিবেচিত হবেন—আলোচনার মাধ্যমে তাকেই সমর্থন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রোববার (১৮ জানুয়ারি) দলটির পক্ষ থেকে পাঠানো এক লিখিত বক্তব্যে এ তথ্য জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি জানান, রাজনৈতিক বাস্তবতা ও আদর্শিক সমন্বয় বিবেচনায় দলটি এবার ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই অবস্থান ইতোমধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয়েছে।
বাকি ৩২টি আসনের বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, এসব আসনে ইসলামী আন্দোলনের প্রতীক না থাকলে সেখানে ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে যিনি নৈতিকতা, যোগ্যতা ও জনগণের প্রতি দায়বদ্ধতার পরীক্ষায় উত্তীর্ণ হবেন—তাঁর পক্ষেই অবস্থান নেওয়া হবে।
গাজী আতাউর রহমান আরও জানান, ২০ জানুয়ারির পর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলে সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা করে ওই ৩২ আসনের বিষয়ে চূড়ান্ত সমর্থনের ঘোষণা দেওয়া হবে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনই তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। সময় ও পরিস্থিতি বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

মতামত দিন