রাজনীতি
ছবি: সংগৃহীত

ভোট চুরির চেষ্টা হলে জীবন দিয়ে প্রতিরোধ করা হবে: সারজিস আলম।

নিজেস্ব প্রতিবেদক:

ভোটাধিকার রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ভোট চুরির যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে সর্বোচ্চ শক্তি দিয়ে। প্রয়োজনে জীবন উৎসর্গের কথাও উল্লেখ করেন তিনি।

শনিবার রাতের দিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এনসিপির কার্যালয়ে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সারজিস আলম বলেন, একটি ভোটের মূল্য বোঝা না গেলে জাতি বারবার একই জায়গায় ফিরে যাবে। তার ভাষায়, ভয়, অর্থ কিংবা প্রভাবের কাছে ভোট সঁপে দিলে সেটিই ভবিষ্যতে দুঃশাসনের পথ খুলে দেয়।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে একটি তুলনামূলক সমান রাজনৈতিক ক্ষেত্র তৈরি হয়েছিল। সেই সুযোগের মধ্যেও কারা চাঁদাবাজি করেছে, কারা সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানি করেছে—সেটা জনগণকে বিবেক দিয়ে বিচার করতে হবে। কোনো অন্যায় যদি এনসিপির ভেতর থেকেও হয়, সেক্ষেত্রে দলকেও ছাড় দেওয়ার প্রশ্ন নেই বলে মন্তব্য করেন তিনি।

ভোটারদের উদ্দেশে সারজিস আলম বলেন, একটি মাত্র ভোট দিয়েই সংসদ, সরকার ও রাষ্ট্র পরিচালনার দিক নির্ধারিত হয়। সেই ভোট যদি বিক্রি হয়ে যায়, তাহলে পরিবর্তনের আশা করাটাই ভুল। তাই নৈতিক অবস্থান অটুট রেখে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সমাবেশে তিনি আরও বলেন, যারা ভোট লুটের সঙ্গে যুক্ত হবে, তাদের জন্য এই দেশের মাটিতে কোনো নিরাপদ আশ্রয় থাকবে না। ২০২৪ সালে যেমন প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল, আগামী দিনগুলোতেও তেমনই জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সভায় পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. ইকবাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মতামত দিন