রাজনীতি
ছবি: সংগৃহীত

ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল।

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশনের আপিল শুনানিতে ঋণখেলাপির অভিযোগ টিকে যাওয়ায় কুমিল্লা-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে গেলেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। শনিবার (১৭ জানুয়ারি) শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত জানায়।

এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা তাকে প্রার্থী হিসেবে বৈধ ঘোষণা করেছিলেন। তবে সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। কমিশনের শুনানিতে ঋণখেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় ইসি তার আপিল মঞ্জুর করে।

একই সঙ্গে প্রতিপক্ষের প্রার্থিতা বাতিল চেয়ে মঞ্জুরুল আহসান মুন্সী যে আপিল করেছিলেন, তা গ্রহণযোগ্য মনে করেনি কমিশন। ফলে ওই আবেদনের কোনো সুরাহা হয়নি।

মনোনয়ন সংক্রান্ত এই বিরোধ গড়ায় আদালতেও। এর আগে হাইকোর্ট ঋণখেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে রুল জারি করলেও পরে সেই আদেশ স্থগিত হয়। বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চের আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক চেম্বার আদালতে গেলে ৮ জানুয়ারি হাইকোর্টের আদেশ স্থগিত রাখা হয়।

পরবর্তীতে সেই স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন জানানো হলেও চেম্বার আদালত আগের অবস্থান বহাল রাখেন। ১৪ জানুয়ারির আদেশে হাইকোর্টে জারি করা রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়।

মতামত দিন