রাজনীতি
ছবি: সংগৃহীত

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মদিন ঘিরে সারাদেশে নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। আগামী ১৯ জানুয়ারি এ উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজন করা হবে।

শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, জন্মদিনের সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও দেশের বিভিন্ন সাংগঠনিক ইউনিটে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের সূচনা হবে। পরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতির মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেবেন। দলীয় চেয়ারম্যানকেও সেখানে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।

রিজভী জানান, জন্মবার্ষিকীর পরদিন ২০ জানুয়ারি কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট নাগরিক ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন।

এ ছাড়া জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে নিজেদের সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করবে। বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ দিন একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প পরিচালনা করবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দিবসটি উপলক্ষে ইতোমধ্যে পোস্টার প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশের প্রস্তুতিও নেওয়া হয়েছে।

মতামত দিন