রাজনীতি
ছবি: সংগৃহীত

গুপ্ত রাজনীতি নয়, প্রকাশ্য লড়াইয়ে ছিল বিএনপি :তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক কৌশলের অজুহাতে বিএনপি কখনোই গোপন বা সুপ্ত রূপে রাজনীতি করেনি। দলের অবস্থান ছিল প্রকাশ্য এবং রাজপথকেন্দ্রিক।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের স্বজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দীর্ঘ সময় ধরে দমন-পীড়নের শিকার হয়েও বিএনপির নেতাকর্মীরা মাঠ ছেড়ে যাননি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে দল। ভবিষ্যতেও স্বজনহারা পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।

বিগত সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, গুম, হত্যা ও নির্যাতনের শিকার হওয়া মানুষদের কষ্টের কোনো ভাষা নেই। তবুও দমননীতি বিএনপিকে থামাতে পারেনি।

নির্বাচন কমিশনের সাম্প্রতিক ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারেক রহমান। তবে তিনি বলেন, একটি গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি সংযম দেখাবে। জনগণের রায়ে রাষ্ট্রক্ষমতায় গেলে গুম-খুনের শিকার ব্যক্তিদের স্মরণে সড়ক ও স্থাপনার নামকরণের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে যারা নানা কৌশল নিচ্ছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র বাধাগ্রস্ত হলে তা শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারের সদস্যরা অংশ নেন। তারা নিজ নিজ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করে।

মতামত দিন