পুরনো বক্তব্য ঘিরে বিতর্কে আমির হামজা, গভীর রাতে প্রকাশ্যে অনুশোচনা।
বেগম খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে করা কয়েক বছর আগের একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ায় বিতর্কে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা। সমালোচনার মুখে পড়ে শনিবার রাতেই তিনি প্রকাশ্যে অনুশোচনা জানান।
ফেসবুকে দেওয়া প্রতিক্রিয়ায় আমির হামজা বলেন, বক্তব্যটি ছিল অনিচ্ছাকৃত এবং প্রসঙ্গ বোঝাতে গিয়ে দেওয়া একটি ভুল উদাহরণ। তিনি স্বীকার করেন, ওই মন্তব্য করা তার উচিত হয়নি এবং সে জন্য তিনি তখনও দুঃখ প্রকাশ করেছিলেন, এখনও করছেন।
তার ভাষ্য অনুযায়ী, আলোচিত বক্তব্যটি ২০২৩ সালের পুরনো ঘটনা। কিন্তু একটি পক্ষ সেটিকে ইচ্ছাকৃতভাবে সাম্প্রতিক বলে প্রচার করছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কেউ কেউ মরহুম ব্যক্তির নামকেও ব্যবহার করতে দ্বিধা করছে না।
পোস্টের শেষে তিনি আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনা করেন এবং আল্লাহর কাছে তার মাগফিরাত প্রার্থনা করেন।

মতামত দিন