রাজনীতি
ছবি: সংগৃহীত

ড. ইউনূসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের প্রস্তাব।

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ’ অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে আলোচনার ঝড় তুলেছে। দলটির প্রস্তাব অনুযায়ী, শান্তিপূর্ণ রাজনৈতিক উত্তরণ ও জাতিকে একটি ব্যাপক ঐক্যের ভিত্তিতে এগিয়ে নিতে রাষ্ট্রপতি হিসেবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়োগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

সোমবার (৫ মে) ঢাকার জাতীয় প্রেস ক্লাবে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ প্রস্তাব উপস্থাপন করা হয়। একইসঙ্গে ‘জাতীয় সরকারের রূপরেখা ও অন্তর্বর্তীকালীন রাজনৈতিক কাঠামো’ বিষয়ে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। দলটির নেতারা বলেছেন, দেশে দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সংকটের একটি কার্যকর সমাধান খুঁজতে গিয়ে তারা একটি ঐকমত্যভিত্তিক, সর্বদলীয় অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাবনা দিয়েছেন।

দলটির আহ্বায়ক কমিটির নেতারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় কোনো একটি দল বা জোটের এককভাবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া অসম্ভব হয়ে উঠেছে। ফলে, একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি অন্তর্বর্তী সরকার গঠন দরকার, যেটি দেশের সকল শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করতে পারবে।

প্রস্তাবিত জাতীয় সরকারের কাঠামোতে রাষ্ট্রের প্রধান হিসেবে অধ্যাপক ইউনূসের নাম প্রস্তাব করার পেছনে তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, নিরপেক্ষ ভাবমূর্তি ও অর্থনৈতিক চিন্তাধারার কথা তুলে ধরা হয়। অপরদিকে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব দিয়ে বলা হয়, তিনিই এখন দেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত নেতৃত্বে রয়েছেন এবং তার অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রভাব এই ঐকমত্যের সরকারে ভারসাম্য রক্ষা করতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, এই উদ্যোগ বাস্তবায়নের জন্য জাতির বিবেকবান অংশকে এগিয়ে আসতে হবে এবং একটি সর্বজনীন সংলাপ শুরু করতে হবে, যাতে বর্তমান রাজনৈতিক দ্বন্দ্বের বাইরে এসে একটি অন্তর্বর্তী ব্যবস্থার পথ সুগম করা যায়।

এই প্রস্তাব ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকে এটিকে বাস্তবতা বিবর্জিত বা বিতর্কিত হিসেবে দেখলেও, কেউ কেউ এটিকে রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণের একটি বিকল্প পথ হিসেবে বিবেচনা করছেন।

মতামত দিন