রাজনীতি
ছবি: সংগৃহীত

১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান।

দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। মঙ্গলবার (৬ মে) সকালে কাতারের আমিরের ব্যবহৃত একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টা ৪২ মিনিটে অবতরণ করেন তিনি। ওই ফ্লাইটেই ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরার সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

২০০৮ সালের সেপ্টেম্বরে স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে যাওয়ার পর থেকে জোবাইদা রহমান আর দেশে ফিরতে পারেননি। এবার তিনি ধানমন্ডির ৫ নম্বর সড়কের পৈতৃক বাসভবন ‘মাহবুব ভবন’-এ উঠবেন। সেখানেই থাকেন তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু ও বড় বোন শাহীনা জামান।

ওয়ান ইলেভেনের সময় দুর্নীতি দমন কমিশনের করা এক মামলায় তারেক রহমান, জোবাইদা রহমান এবং জোবাইদার মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সেই মামলায় আদালত জোবাইদাকে তিন বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছর তার সাজা স্থগিত করা হয়।

সিলেটজন্মা জোবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ১৯৯৫ সালে স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অধিকার করে সরকারি চাকরিতে যোগ দেন। লন্ডনে যাওয়ার সময় তিনি শিক্ষা ছুটিতে ছিলেন। পরে সরকার তাকে চাকরিচ্যুত করে। লন্ডনে অবস্থানকালে ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি ডিগ্রি অর্জন করেন তিনি।

মতামত দিন