হিথরো থেকে রওনা দিলেন খালেদা জিয়া, ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে আজ সোমবার লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে তিনি বড় ছেলে তারেক রহমানের কিংস্টনের বাসা থেকে বের হন।
বিমানবন্দরে পৌঁছানোর আগে থেকেই যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা ভিআইপি টার্মিনালের দুই পাশে অবস্থান নেন। তাঁরা দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে হাতে ধরে রেখেছিলেন বিভিন্ন পোস্টার ও ব্যানার। জানা গেছে, যুক্তরাজ্যের নানা শহর থেকে এসব নেতা-কর্মী বিদায়ী শুভেচ্ছা জানাতে সেখানে জড়ো হন।
বিকেল ৪টা ১০ মিনিটে কাতারের রাজপরিবারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়ার লন্ডন ছাড়ার কথা রয়েছে। দোহায় যাত্রাবিরতির পর আগামীকাল মঙ্গলবার সকালে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের ৭ জানুয়ারি সন্ধ্যায় খালেদা জিয়া যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তাঁর সঙ্গে ছিলেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং দীর্ঘদিনের পরিচর্যাকারী গৃহকর্মী ফাতেমা বেগম, যিনি কারাবন্দি অবস্থায়ও তাঁর সঙ্গেই ছিলেন।
চিকিৎসা দলের অংশ হিসেবে তাঁর সফরসঙ্গী ছিলেন ছয় সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ডের সদস্যরা। এ বোর্ডের নেতৃত্ব দেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। অন্য সদস্যরা হলেন অধ্যাপক এফ এম সিদ্দিক, অধ্যাপক নরুদ্দিন আহমেদ, অধ্যাপক জাফর ইকবাল, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং ডা. মোহাম্মদ আল মামুন।
লন্ডনে অবস্থানকালে বেগম জিয়ার চিকিৎসা হয় দ্য লন্ডন ক্লিনিক নামক একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন চিকিৎসক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে গঠিত একটি মেডিকেল বোর্ড।

মতামত দিন