রাজনীতি
ছবি: সংগৃহীত

আমি পালাচ্ছি, তোমরাও পালাও’ লাইভে চট্টগ্রাম যুবলীগ নেতার আহ্বান।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক আইনবিষয়ক সহসম্পাদক ও চট্টগ্রাম আদালতের প্রাক্তন অতিরিক্ত পিপি মো. কামাল উদ্দিন ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রতি বিষোদ্গার করেন এবং তৃণমূল নেতাকর্মীদের দেশ ছেড়ে পালানোর আহ্বান জানান।

নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া ভিডিও বার্তায় কামাল উদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকারের সময় অনেক বড় নেতা জামায়াত-শিবির তোষণ করেছেন, এখন তারাই প্রথমে পালাচ্ছেন।

“আমিও পালিয়ে যাচ্ছি,”—বলে তিনি ঘোষণা দেন।

ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল করেন এবং বলেন, “এখানে আর কেউ নিরাপদ নয়। তোমাদের বাবা-মা পালিয়ে গেছে, শেখ হাসিনা পালিয়েছেন, শেখ পরিবারের লোকেরা পালিয়েছে, এমনকি ৩০০ এমপি-ও পালিয়েছেন। তাহলে তোমরা কেন থাকবে? সবাই পালিয়ে যাও।”

লাইভে কামাল উদ্দিন তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমার ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দিও।”

সাতকানিয়ার গারাংগিয়া গ্রামের সুপারপাড়া এলাকার বাসিন্দা ফজল করিমের ছেলে কামাল উদ্দিনের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়।

মতামত দিন