রাজনীতি
ছবি: সংগৃহীত

গাজীপুরে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর গাড়িতে দুর্বৃত্তদের হামলা।

গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। রোববার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্বয়ং হাসনাত।

হামলার খবর ছড়িয়ে পড়তেই হাসনাত আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করলে তিনি নিজেই হামলার বিষয়টি নিশ্চিত করেন। জানান, হামলাকারীরা তার গাড়ির কাচ ভেঙে দিয়েছে এবং এতে তার হাত রক্তাক্ত হয়েছে।

হামলার পরপরই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত। আশেপাশে যারা আছেন, হাসনাতকে প্রটেক্ট করুন।”

এনসিপির আরেক নেতা হান্নান মাসউদ ফেসবুকে লিখেছেন, “গাজীপুরের চান্দনায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশেপাশে যারা আছেন, দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।”

হামলার ঘটনার পর দলটি জানিয়েছে, রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে রাতেই এক জরুরি ব্রিফিং করবে তারা।

মতামত দিন