রাজনীতি
ছবি: সংগৃহীত

জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি এ সপ্তাহে।

রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আপিল শুনানি এ সপ্তাহে ফের শুরু হচ্ছে। আগামী মঙ্গলবার বা বুধবার (৬ বা ৭ মে) মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় ওঠার সম্ভাবনা রয়েছে।

রোববার (৪ মে) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ তথ্য জানান। শুনানির সময় জামায়াতের পক্ষে ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী মামলাটি উপস্থাপন করেন। আদালত বলেন, “কার্যতালিকা পর্যবেক্ষণে রাখুন, বিষয়টি মঙ্গলবার বা বুধবার উঠবে।” শুনানির সময় আইনজীবী শিশির মনিরও উপস্থিত ছিলেন।

এর আগে, গত বছরের ৩ ডিসেম্বর হাইকোর্টের জামায়াতের নিবন্ধন বাতিল সংক্রান্ত রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু হয়। পরে ১০ ডিসেম্বর, ১৪ জানুয়ারি ও ২১ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হলেও চূড়ান্ত শুনানি হয়নি।

গত বছরের ২২ অক্টোবর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামায়াতের খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করেন। এর ফলে দলটির নিবন্ধন ও প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পেতে আইনি লড়াইয়ের পথ উন্মুক্ত হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট একটি রিটের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে। এর ধারাবাহিকতায় ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

মতামত দিন