আগামী ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচনের পরামর্শ জামায়াত আমীরের।
জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি অথবা এপ্রিল মাসের মধ্যে আয়োজনের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার (৩ মে) সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা ও মহানগর আমির সম্মেলনে তিনি এই পরামর্শ দেন।
জামায়াত আমীর বলেন, সরকার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনকালীন সরকারের গঠন ও বিচার সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। সে ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগেই নির্বাচন আয়োজন করা যেতে পারে। আর যদি সে সময়ের মধ্যে সংস্কার শেষ না হয়, তবে এপ্রিল মাসের মধ্যেই নির্বাচন শেষ করা উচিত।
তিনি আরও বলেন, মাঝে মাঝে সরকারের কিছু উপদেষ্টা রাজনৈতিক বক্তব্য দিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করেন। এ ধরনের আচরণ থেকে তাদের বিরত থাকতে হবে।
নারী কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনের সমালোচনা করে জামায়াত আমীর বলেন, এর কিছু সুপারিশ সরাসরি কোরআনবিরোধী। এসব প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের পারিবারিক কাঠামো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। কোরআনবিরোধী সুপারিশ প্রদানকারী কমিটি বাতিলের দাবি জানান তিনি।
মতামত দিন