রাজনীতি
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হবে সর্ববৃহৎ সংস্কার: হাসনাত আবদুল্লাহ।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাফ বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “এ নিয়ে কোনো ‘যদি’, ‘কিন্তু’ বা ‘অথবা’ নেই।

অবিলম্বে স্বৈরাচারী এই দলটিকে নিষিদ্ধ করতে হবে—এটাই হবে দেশের সবচেয়ে বড় সংস্কার।”

শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত আরও বলেন, “আওয়ামী লীগ বাংলাদেশে মৃত; এর জানাজা হয়েছে দিল্লিতে। আবরার ফাহাদ ও শহীদ আলিফের রক্তের ওপর পা রেখে এই দল দেশে আর ফিরতে পারবে না।”

তিনি দাবি করেন, “আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। একাত্তর পরবর্তী সময়ে শেখ মুজিব বাকশালের মাধ্যমে গণতন্ত্র হত্যা করেছেন। তাদের দুর্নীতি ও লুটপাটের কারণেই ১৯৭৪ সালের দুর্ভিক্ষে প্রাণ হারায় প্রায় ১৫ লাখ মানুষ। তারা মূলত একটি সন্ত্রাসী সংগঠন।”

এনসিপির এই নেতা ঘোষণা দেন, “শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

নারী অধিকার সংস্কার নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত বলেন, “অপ্রয়োজনীয় সংস্কার পাশ কাটিয়ে এমন সংস্কার করুন, যাতে নারীর সম্মান ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ থাকে।”

উল্লেখ্য, নারী অধিকার সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্র্যাজেডিসহ আওয়ামী শাসনামলে সংঘটিত সব গণহত্যার বিচারসহ চার দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম।

মতামত দিন