রাজনীতি
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সঙ্গে ‘মানবিক করিডোর’ নিয়ে আলোচনা হয়নি: শফিকুল আলম।

রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছাতে কক্সবাজার হয়ে কথিত ‘মানবিক করিডোর’ চালুর বিষয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে বাংলাদেশের সরকারের কোনো আলোচনা হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ইউএনবি-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সরকার এ বিষয়ে জাতিসংঘ বা অন্য কারও সঙ্গে আলোচনা করেনি।

এটা আমরা স্পষ্টভাবে জানাতে চাই।”

তবে তিনি জানান, জাতিসংঘের নেতৃত্বে রাখাইন রাজ্যে যদি মানবিক সহায়তা পাঠানোর কোনো উদ্যোগ নেওয়া হয়, তাহলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত।

শফিকুল আলম বলেন, “বাংলাদেশ সবসময় দুর্যোগময় পরিস্থিতিতে অন্যান্য দেশের পাশে দাঁড়িয়েছে। সম্প্রতি মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর বাংলাদেশ তাৎক্ষণিকভাবে সহায়তা পাঠিয়েছে, যা তারই প্রমাণ।”

তবে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, রাখাইনে চলমান সংকট দীর্ঘায়িত হলে নতুন করে আরও রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে। বর্তমান বাস্তবতায় বাংলাদেশ আর সেই বোঝা বহন করতে পারবে না।

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, জাতিসংঘের সহায়তায় পরিচালিত মানবিক তৎপরতা রাখাইনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে এবং রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়ার পরিবেশও তৈরি করবে।”

শফিকুল আলম বলেন, বর্তমান বাস্তবতায় রাখাইনে ত্রাণ পাঠানোর একমাত্র কার্যকর পথ বাংলাদেশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আন্তর্জাতিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে এবং উপযুক্ত সময়ে দেশের ভেতরের অংশীজনদের সঙ্গেও আলোচনা করা হবে।

সম্প্রতি রাখাইন বা ‘মানবিক করিডোর’ ইস্যুতে বড় শক্তিগুলোর জড়িত থাকার কথা বিভিন্ন মহলে আলোচিত হলেও সেটিকে ‘গুজব’ আখ্যা দিয়েছেন প্রেস সচিব। তিনি বলেন, “এসব পুরোপুরি ভিত্তিহীন এবং প্রোপাগান্ডা। সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশের বিরুদ্ধে নানা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। এই গুজব সেগুলোরই অংশ।”

মতামত দিন