রাজনীতি
ছবি: সংগৃহীত

করিডোর সিদ্ধান্তের আগে জাতীয় ঐক্য জরুরি ছিল: মির্জা ফখরুল

রাখাইন সংকট মোকাবিলায় মানবিক করিডোর প্রতিষ্ঠার সিদ্ধান্তের আগে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সিদ্ধান্ত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং শান্তি-শৃঙ্খলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শেখ বাজার এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, "মিয়ানমারে এখন যুদ্ধ চলছে। রোহিঙ্গাদের আমাদের দেশে আশ্রয় নিতে হয়েছে। তাদের প্রত্যাবাসনের জন্য সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আমরা চাই না বাংলাদেশ আরেকটি গাজার মতো পরিস্থিতির মুখোমুখি হোক। রোহিঙ্গা সংকটের কারণে আমরা ইতোমধ্যেই সংকটে পড়েছি। আমরা সংস্কার চাই, তবে সেই সংস্কারের সঙ্গে সুষ্ঠু নির্বাচনও দরকার। দেশের স্বার্থে এবং জনগণের নিরাপত্তার স্বার্থে প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে।"

সরকার পরিচালনার সমালোচনা করে তিনি বলেন, "দেশের উন্নয়ন করে সাধারণ মানুষ। কিন্তু কিছু গোষ্ঠী দেশের সম্পদ লুট করছে। প্রফেসর মুহাম্মদ ইউনূস কোনো রাজনীতির মানুষ নন। তারপরও তাকে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা করা হয়েছে। স্বাধীনতার ৫৩ বছরেও আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে পারিনি। আমরা আইনের শাসন চাই। অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে।"

আওয়ামী লীগের শাসনামলে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, "গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশের বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরি করেছে। বিএনপি সেই সংঘাতের রাজনীতি থেকে বেরিয়ে এসে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়।"

মতামত দিন